মৌলভীবাজার সরকারি কলেজে প্রশাসনিক ভবনে তালা, চলছে অবস্থান কর্মসূচি

অনিয়মের প্রতিবাদ

মৌলভীবাজার সরকারি কলেজে প্রশাসনিক ভবনে তালা, চলছে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩০/০৬/২০২৬ ১৪:২৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কলেজ প্রশাসনের দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস। দীর্ঘদিনের ক্ষোভ থেকে গতকাল সোমবার সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ভবনের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


এদিকে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল। প্রশাসনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।


গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী। তিনি জানান, শিক্ষার্থীদের অধিকার রক্ষার এই আন্দোলনকে আরও বেগবান করতে আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এক অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।


বিবৃতিতে ওয়ালিদ আহসান চৌধুরী বলেন, "সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। কলেজ প্রশাসনের দুর্নীতি ও অনিয়ম উপড়ে ফেলে ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব করতে আমাদের এই সংহতি ও অবস্থান কর্মসূচি।"


দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আজকের অবস্থান কর্মসূচিতে কলেজের সব ছাত্র-ছাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


এদিকে প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকা এবং ছাত্রদলের অবস্থান কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা ও উদ্দীপনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বড় ধরনের ছাত্র জমায়েত হতে পারে বলে ধারণা করছেন সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

তাহির আহমদ

মন্তব্য করুন: