জামায়াত দায় নেবে, নাকি গোলাম পরওয়ারের ওপর চাপাবে: রাশেদ খান
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় এক উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
অন্যদিকে এ ঘটনায় জামায়াত দায় নেবে, নাকি গোলাম পরওয়ারের ওপর দায় চাপাবে, সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
রাশেদ খান তার পোস্টে লেখেন, ‘স্পষ্ট তথ্য থাকার প্রেক্ষিতেই আমি বিষয়টা সামনে এনেছি। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার চাইলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। কিন্তু সেই নৈতিক শক্তি উনার নাই।’
রাশেদ খান আরও লেখেন, ‘এখন দেখা দরকার জামায়াত এই ঘটনার দায় নেবে, নাকি জনাব গোলাম পরওয়ারের ওপর দিয়ে চালিয়ে দেবে?।’
তিনি দাবি করে বলেন, ‘তথ্য প্রকাশ হয়ে যাওয়ায় জামায়াত এখন থেকে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের ক্ষেত্রে নমনীয়তা দেখাতে পারে। ধীরে ধীরে ভারতবিরোধিতা কমিয়ে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনের ছকও তৈরি করতে পারে দলটি।’
রাশেদ খান লেখেন, তথ্য বাইরে চলে আসায় জামায়াত কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারে। তবে সবকিছু আর দলটির হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, ‘জামায়াত যদি জনাব মিয়া গোলাম পরওয়ারকে রক্ষা করতে চায়, তবে এখন থেকে হুকুমের গোলাম হিসেবে কাজ করতে বাধ্য থাকবে।’
এর আগে, গত ২৫ অক্টোবর এক ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেন মিয়া গোলাম পরওয়ার। ওই বৈঠকে জামায়াত নেতা এ টি এম মা’ছুমসহ তিনজন অংশ নেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খান ওই পোস্টে প্রশ্ন তোলেন, যারা নিয়মিত ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা কী স্বার্থে দেশটির একজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন। তিনি গোলাম পরওয়ারকে বৈঠকের বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বানও জানান।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: