কমলগঞ্জে ধলাই নদী থেকে ৫ বছরের শিশু তামিমের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের পরদিনই ধলাই নদী থেকে তামিম ইকবাল নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল এলাকার ধলাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তামিম উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের জমসেদ মিয়ার একমাত্র পুত্র। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এরআগে গতকাল শনিবার সন্ধ্যা রাতে বসত ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু তামিম।
পরিবারের সদস্যরা জানান, শনিবার কাটাবিল গ্রামের বাড়ির পাশে নিজ ক্ষেতের ধান কাটছিল জমসেদ মিয়া। ক্ষেতের ধান কাটার সারাদিন বাবাকে সময় দিয়েছিল একমাত্র শিশু সন্তান তামিম। সন্ধ্যার পর বাড়ির সামনে গ্রামীন সড়ক কাজ করা দেখার সময় তার শরীরে কাঁদা ছিটকে পড়লে, তামিম বাড়িতে গিয়ে তার পড়নের টি-শার্ট খুলে বসত ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যসহ প্রতিবেমীরা রাতভর তাকে খুঁজলেও কোথাও পাওয়া যায়নি।
আজ রবিবার দুপুরে ধলাই নদীর কাটাবিল এলাকায় তামিমের মরদেহ ভাসতে দেখে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছিল। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা।ঘটনাটি হত্যা না পানিতে ডুবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, 'ধলাই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: