হবিগঞ্জ সীমান্তে পুশ-ইনের চেষ্টা প্রতিহতের দাবি বিজিবির
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (২৭ জুন) ভোররাত তিনটার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৫৫ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতের অন্ধকারে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। এ সময় সীমান্ত এলাকায় সিকিউরিটি লাইট বন্ধ ছিল বলেও বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। পরে তেলিয়াপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও চা-বাগানের শ্রমিকরাও সীমান্তে এসে বিজিবির সঙ্গে অবস্থান নেন।
বিজিবির দাবি, তাদের সতর্ক অবস্থান ও স্থানীয় জনগণের উপস্থিতির মুখে পুশ-ইনের চেষ্টা সফল হয়নি। একপর্যায়ে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, ‘স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করেছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
তিনি আরও জানান, বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সজল আহমেদ / শাহিন আহমেদ
মন্তব্য করুন: