শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ৫টি চায়না এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ৫টি চায়না এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৬/০৬/২০২৬ ২১:৪০:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি চায়না এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে ব্যাপক তল্লাশি চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।


শুক্রবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সময় শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের গত ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪৮টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগজিন, ৩৫ হাজার ৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করেছে যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সজল আহমদ/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: