বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার

বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/০৬/২০২৬ ১৬:২১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়েছে।


বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বড়লেখা সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন দুষ্কৃতিকারীকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।


পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত ৩ কেজি পাওয়ারজেল-৯০ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করে।


বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: