মৌলভীবাজারে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
সিলেটের মৌলভীবাজারসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।। আজ (সোমবার) রাত ৯টা ২৯ মিনিটে মৌলভীবাজারে ভূ-কম্পনের মাত্রা ৪.৫।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শিলচরের কাছাকাছি এবং বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকার অববাহিকায়। আবহাওয়া দফতর ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
সীমান্তবর্তী এলাকায় উৎপত্তির কারণে বাংলাদেশের সিলেট অঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে মৌলভীবাজারে কম্পন অপেক্ষাকৃত বেশি স্পষ্ট বোঝা গেছে।
মৃদু এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, সিলেট ও সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকা দীর্ঘকাল ধরেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। মৃদু কম্পনের পর বড় কোনো আফটারশক (অনুকম্পন) না হলে সাধারণত ভয়ের কারণ থাকে না, তবে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রোদ্দুর রিফাত/ সজল আহমদ
মন্তব্য করুন: