হবিগঞ্জে কয়েদি নিয়ে দুর্ঘটনায় প্রিজন ভ্যান, আহত ২২ জন

হবিগঞ্জে কয়েদি নিয়ে দুর্ঘটনায় প্রিজন ভ্যান, আহত ২২ জন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২২/০৬/২০২৬ ১৪:১৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা কারাগারের একটি প্রিজন ভ্যান কয়েদি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।


রোববার (২১ জুন)  রাত ৮ টার দিকে শহরতলীর ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


কারাগার সূত্রে জানা যায়, রোববার রাতে আদালত থেকে ৩২ জন পুরুষ ও ১ জন নারী আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে প্রিজন ভ্যানটি সড়কের পাশের পিলার ভেঙে একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।


দুর্ঘটনায় ভ্যানে থাকা কয়েদী ও পুলিশ সদস্যসহ ২২ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদের কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান জেল সুপার।


এ বিষয়ে জেল সুপার মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের উদ্ধার করে কারাগার ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


রোদ্দুর রিফাত / সজল

মন্তব্য করুন: