সিলেট টেস্টের আগে বড় সমীকরণ নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ সামনে আসলেও এখনই সুদূর প্রসারী কোনো পরিকল্পনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন সিলেট টেস্টের প্রাক্কালে সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল হিসেবে তাদের সম্পূর্ণ ফোকাস কেবল ম্যাচ বাই ম্যাচ জয়ের ওপর।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কঠিন সফর এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজগুলোকে ঘিরে ফাইনালের সমীকরণ বেশ জোরালো হলেও নাজমুল জানিয়েছেন, দল হিসেবে তারা ছোট ছোট লক্ষ্য নিয়েই এগোতে পছন্দ করেন। তিনি বলেন, “সত্যি বলতে কি একদমই ভাবিনি। আমি শুধু এই টেস্টটা নিয়েই ভাবছি, এমনকি এই সিরিজের দ্বিতীয় টেস্টও ভাবনায় নেই।”
আগামী এক মাসে ব্যস্ত সময় পার করতে চলা বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে। তবে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেয়েও বর্তমান দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টাইগার অধিনায়ক জানান, প্রতিপক্ষ দল কী ধরনের প্রস্তুতি নিয়েছে তা নিয়ে না ভেবে নিজেদের প্রক্রিয়া ও শতভাগ নিবেদন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কোনো বাড়তি চাপ না নিয়ে মাঠে সেরাটা দিয়ে ভালো একটি সিরিজ উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী পুরো দল।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: