সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে : শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে : শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৭/০৬/২০২৬ ১৫:০০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, “নির্বাচনের প্রচার সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হয়েছিল। তখন হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। আজ শ্রীমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।”


মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, “এ কারণেই আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, যা নির্বাচনের পর মাত্র কয়েক মাসের মধ্যেই সরকার বাস্তবায়ন শুরু করেছে। কারণ, মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।”


সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেট নিয়ে সমালোচকদের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন:“কয়েকদিন ধরে পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে বড় বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা অনেকের পছন্দ হয় নাই। কিছু কিছু মানুষ বলছে এই বাজেট নাকি ‘চানাচুরের মতো’! যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে আখ্যা দিচ্ছে।”


এর আগে দুপুর ১টায় তীব্র বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে এসে পৌঁছান। তার আসার আগেই সকাল সাড়ে ১১টার দিকে মৃদু বাতাসের কারণে অনুষ্ঠানস্থলের একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চটি সম্পূর্ণ অক্ষত ছিল। স্বেচ্ছাসেবকরা দ্রুততার সাথে প্যান্ডেলটি অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরেও সাধারণ মানুষের উৎসাহে কোনো কমতি ছিল না। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক চা শ্রমিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ মাঠে সমবেত হন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান ছুটি ঘোষণা করা হয়েছিল।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কম্পিউটারের সুইচ টিপে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন এবং ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি এই টাকা পাঠানো হবে, ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদের মাঝে সহায়তার চেকও বিতরণ করেন।


শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর মৌলভীবাজারে এটিই তার প্রথম সফর, যা ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad