প্রীতমের সততা!
শ্রীমঙ্গলে পর্যটকের হারিয়ে যাওয়া স্বর্ণ ও টাকা ফেরত দিলেন সিএনজিচালক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সততা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রীতম রবিদাস নামের এক সিএনজি অটোরিকশাচালক। অসাবধানতাবশত সিএনজিতে ফেলে যাওয়া মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন (বুধবার) শ্রীমঙ্গলে বেড়াতে আসেন একটি পর্যটক পরিবার। ভ্রমণ শেষে স্টেশন রোড থেকে প্রীতম রবিদাসের সিএনজিযোগে তারা গন্তব্যে পৌঁছান। তবে নামার সময় তাড়াহুড়ো করে তারা গাড়িতেই স্বর্ণ ও টাকাসহ তাদের ছোট ব্যাগটি ফেলে যান।
যাত্রীদের নামিয়ে দিয়ে সিএনজিচালক প্রীতম রবিদাস যখন নিজ বাড়িতে ফিরে যান, তখন গাড়ির পেছনের সিটে ব্যাগটি তাঁর নজরে আসে। ব্যাগটি খুলে তিনি ভেতরে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা দেখতে পান। কোনো ধরনের লোভের বশবর্তী না হয়ে তাৎক্ষণিকভাবে তিনি প্রকৃত মালিকের সন্ধান শুরু করেন। পরবর্তীতে ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করে সমস্ত জিনিসপত্র অক্ষত অবস্থায় তাদের হাতে তুলে দেন।
স্থানীয় এক বাসিন্দা মন্তব্য করেন, "বর্তমান সময়ে যেখানে নৈতিকতার চরম অবক্ষয় দেখা যায়, সেখানে প্রীতম রবিদাসের এমন সততা সত্যিই বিরল। তাঁর এই কাজ সমাজের জন্য এক বড় ইতিবাচক বার্তা।"
নিজের মূল্যবান সম্পদ ফিরে পেয়ে পর্যটক পরিবারটি প্রীতম রবিদাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে প্রীতমের এই সততা ও দায়িত্বশীলতা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয়রা মনে করছেন, প্রীতম রবিদাসের এই মানবিক দৃষ্টান্ত সমাজের অন্য সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তানজুবা তাবাসসুম/ তাহির আহমদ
মন্তব্য করুন: