রাশিয়াতে ১ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ, রুশ কর্তৃপক্ষের সম্মতি
রাশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বর্তমানের ১০ হাজার থেকে আগামী বছরের মধ্যে ১ লাখে উন্নীত করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। মস্কো সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দিলে তারা দ্রুত এ বিষয়ে কাজ করার সম্মতি জানায়। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষই শিগগিরই এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় থাকা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দ্বিপক্ষীয় বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের বাণিজ্য বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) ও ওষুধ রপ্তানির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।
এছাড়াও, প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কৃষি ও স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দ্রুতই বাংলাদেশ সফরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: