সিলেটে সাদাপাথর ভ্রমণে পর্যটকদের জন্য প্রশাসনের নতুন নির্দেশনা

সিলেটে সাদাপাথর ভ্রমণে পর্যটকদের জন্য প্রশাসনের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৬/০৬/২০২৬ ১৬:০৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলার ভোলাগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। 


নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর নৌঘাট ব্যবহার করে সাদাপাথরে যেতে হবে। একইসঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা সড়কপথ ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, অবৈধ চলাচল বন্ধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার কালাইরাগ এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।


বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাদাপাথর নৌঘাটের ইজারাদাররা। সংবাদ সম্মেলনে তারা জানান, ইজারার শর্ত অনুযায়ী সাদাপাথর ঘাট সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা হচ্ছে। ঘাট ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


ইজারাদারদের দাবি, অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা বিকল্প পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। এতে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া প্রাণহানির পাশাপাশি মানবপাচারসহ বিভিন্ন অপরাধের শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে।


তারা আরও জানান, কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে পর্যটকদের উৎসাহিত করা হচ্ছে।


সাদাপাথর ঘাটের ইজারাদার মো. লিলু বলেন, ঘাট পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে।


স্থানীয় প্রশাসন ও ইজারাদাররা জানান, নির্দেশনা মেনে চললে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা যাবে। তাই সাদাপাথরে ভ্রমণে আসা পর্যটকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


সোহেল রানা/ ডি আর ডি

মন্তব্য করুন: