সিলেটে শিশু বলাৎকার:জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২

সিলেটে শিশু বলাৎকার:জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৬/২০২৬ ১৫:৫১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক শিশুকে বলাৎকারের চাঞ্চল্যকর ও জঘন্য ঘটনার মূল অভিযুক্ত আব্দুল সুকুর বকুল নামের এক বৃদ্ধকে সিলেট থেকে আটক করা হয়েছে। নৃশংস এই অপরাধটি ধামাচাপা দিতে এবং ভুক্তভোগী শিশুকে লোকচক্ষুর অন্তরালে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে সিলেটে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। গত বুধবার দিবাগত রাতে (৪ জুন) গভীর রাতে সিলেটের শাহপরান থানা এলাকায় ক্ষুব্ধ জনতার সহায়তায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বকুল এবং তার এক সহযোগীকে আটক করতে সক্ষম হয়। এই ঘৃণ্য অপরাধের পেছনে একটি বড় ও প্রভাবশালী চক্র জড়িত রয়েছে এবং তারা শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল বলে অনুসন্ধানে জানা গেছে।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর এলাকার বাসিন্দা আব্দুল সুকুর বকুল ওই শিশুর ওপর এই নির্মম পাশবিকতা চালায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর বকুলের পক্ষে একটি প্রভাবশালী চক্র মাঠে নামে। তারা ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে মামলা না করার জন্য চাপ দিতে থাকে এবং লোকলজ্জার ভয়সহ নানাভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিল। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এবং ওই চক্রটির প্রত্যক্ষ সহায়তায় শিশুটিকে অন্যত্র সরিয়ে ফেলার গোপন উদ্দেশ্যে বকুল সিলেটে গিয়ে আত্মগোপন করে। তবে অভিযুক্তের পালিয়ে যাওয়ার খবর পেয়েও দমে যায়নি ভুক্তভোগীর পরিবার। তাদের মাধ্যমে তথ্য পেয়ে সিলেটের স্থানীয় সচেতন জনতা শাহপরান থানা এলাকায় অভিযুক্ত আব্দুল সুকুর বকুল এবং তার অপরাধের সহযোগী হিসেবে সন্দেহভাজন আরও একজনকে অবরুদ্ধ করে ফেলে।


বুধবার গভীর রাত ১টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শাহপরান থানা পুলিশ। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত বকুলসহ দুইজনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। 


এই বিষয়ে শাহপরান থানা পুলিশ জানিয়েছে যে, খবর পাওয়া মাত্রই তাদের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে আব্দুল সুকুর বকুলসহ দুইজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে এবং মৌলভীবাজারের বড়লেখা থানার সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। 


এদিকে এই জঘন্য ঘটনার পর মৌলভীবাজারের বড়লেখা ও সুজানগর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে মূল অপরাধী আব্দুল সুকুর বকুল এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী সেই প্রভাবশালী চক্রের সকল সদস্যকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: