কুলাউড়ায় চা বাগানের দুই শতাধিক খুদে শিক্ষার্থীর জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক খুদে শিক্ষার্থীর জন্য এক ব্যতিক্রমী ঈদ ভোজের আয়োজন করা হয়েছে। রবিবার যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী শামীমা সুলতানা চৌধুরীর অর্থায়নে আয়োজিত এই বিশেষ ভোজে কোমলমতি শিশুদের পাতে পরিবেশন করা হয় সাদা ভাত, মোরগের মাংস, ডিম ও মুগডাল এবং খাবার শেষে প্রত্যেকের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় চকলেট। উৎসবমুখর ও প্রাণবন্ত এই আয়োজনে পুষ্টিকর খাবার ও উপহার পেয়ে চা বাগানের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়, যা উপস্থিত অনেককে তাঁদের নিজেদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। মানবিক এই উদ্যোগটি বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতা করেন কালিটি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণদাস অলমিক ও সমাজসেবী দিলীপ দাস এবং এ সময় শিক্ষার্থীদের পরিচর্যায় নিয়োজিত ছিলেন শিক্ষিকা দীপা দাস, শিল্পী অলমিক, অনিতা রানী কুমার ও দিপালী ছত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, যুক্তরাজ্যপ্রবাসী শামীমা সুলতানা চৌধুরী দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছেন এবং এর আগেও তিনি কালিটি চা বাগানসহ কুলাউড়ার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। চা বাগানের সচেতন মহল ও স্থানীয়রা মনে করছেন, প্রবাসী সমাজসেবীর এমন দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ কেবল শিশুদের মনকেই প্রফুল্ল করেনি, বরং সমাজে সম্প্রীতি, মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: