রাজনগরে সিএনজি গ্যারেজে আগুন, দগ্ধ ১: পুড়েছে ৫টি অটোরিকশা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নেভাতে গিয়ে এক যুবক দগ্ধ হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার সোনাটিকি চৌমুহনা এলাকার একটি গ্যারেজে এই ঘটনা ঘটে।
দগ্ধ যুবকের নাম সাহেদ তালুকদার। তিনি ওই গ্যারেজ মালিকের চাচাতো ভাই। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৪ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে গ্যারেজে থাকা একটি অটোরিকশার ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। এ সময় সাহেদ তালুকদার নিজের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তাঁর দুই হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডে জুবায়ের আখন্দ ও হাফিজ আহমদ নামের দুই ব্যক্তির অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ ছাড়া খয়রুল আখন্দ, তোফায়েল আহমদ ও রিমন মিয়া নামের আরও তিনজনের অটোরিকশা আংশিক পুড়ে গেছে বলে গ্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্যারেজের মালিক বলেন, ‘আল্লাহ আমাদের বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন। অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী যেভাবে জীবন বাজি রেখে এগিয়ে এসেছেন, সেই ঋণ আমার পরিবার কখনো শোধ করতে পারবে না। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলী হোসেন প্রথম সিলেটকে বলেন, প্রাথমিক ধারণামতে অটোরিকশার ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর রাজনগর থানার ডিউটি অফিসার আরিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করেন। স্থানীয়রা জানান, এলাকাবাসীর সময়োচিত ভূমিকা ও সাহেদ তালুকদারের সাহসিকতার কারণে সোনাটিকি চৌমুহনা বাজার এলাকা একটি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
শাহিন আহমেদ/ ডি আর ডি
মন্তব্য করুন: