‘উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’
Led Bottom Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

প্রথম ডেস্ক

১৮/০৪/২০২৬ ১৮:৪৫:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব বর্তমানে ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর মাধ্যমে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।” যদিও এই পরিবর্তন সময়সাপেক্ষ, তবে সরকার ধাপে ধাপে লক্ষ্য অর্জনের পথে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ‘প্রতিরোধ উত্তম’ (Prevention is better than cure) নীতি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হওয়ায় উপজেলা পর্যায়ে নিয়মিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ স্ক্রিনিং করা জরুরি। স্বাস্থ্যখাতে বিএনপি সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া যুক্তরাজ্যের এনএইচএস-এর আদলে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন এবং সারাদেশে ১ লক্ষ ‘হেলথ কেয়ারার’ নিয়োগের সিদ্ধান্তের কথা জানান, যাদের ৮০ শতাংশই হবেন নারী।

বিগত সরকারের আমলে শিশুদের হামের টিকা না দেওয়ার ঘটনাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী যারা সন্তান হারিয়েছেন তাঁদের প্রতি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন, শীঘ্রই একটি সমন্বিত ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে এবং ধাপে ধাপে ‘জাতীয় স্বাস্থ্যবীমা’ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চিকিৎসকগণ রোগে-শোকে কাতর মানুষের পরম বন্ধু।”

অনুষ্ঠানে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ৬ জন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad