দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৩/০৩/২০২৬ ১৯:১৭:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দুর্নীতি, অব্যবস্থাপনা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।


সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ গ্রামে পৌঁছালে তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে পরিবহন খাতে ব্যাপক বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি হয়েছে। টিকিট সংগ্রহে ভোগান্তির কারণে সাধারণ মানুষের ঈদের আনন্দ নষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয়। “এত মানুষকে খুঁজে বের করে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, এটি জনগণের সঙ্গে একধরনের ধোঁকাবাজি,”—যোগ করেন তিনি।


সরকারকে সতর্ক করে তিনি বলেন, “নির্বাচন শেষ হয়েছে, অনিয়ম হলেও দেশ অচল না করতে আমরা মেনে নিয়েছি। তবে আপনারা যদি সঠিক পথে না ফেরেন, দেশের মানুষ তা মেনে নেবে না।”


এ সময় তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করা হবে, তবে জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।


অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নিজ গ্রামের কবরস্থান জিয়ারত করেন তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: