বড়লেখা পৌর প্রশাসক পদে আলোচনায় দুই বিএনপি নেতা

বড়লেখা পৌর প্রশাসক পদে আলোচনায় দুই বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০৩/২০২৬ ১২:৫৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা–এ পৌর প্রশাসকের দায়িত্ব কে পাচ্ছেন—এ নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের মধ্যেও এ বিষয়ে নানা মতভেদ দেখা যাচ্ছে।


দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে, নাকি সুবিধাবাদী হিসেবে পরিচিত কেউ দায়িত্ব পাবেন—এ নিয়ে তৃণমূল পর্যায়ে সংশয় রয়েছে।


এদিকে পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে আলোচনায় রয়েছেন দুজন বিএনপি ও যুবদল নেতা। এর মধ্যে একজন হলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম এবং অপরজন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ।


আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০১৫ ও ২০২০ সালের পৌর নির্বাচনে দলের মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সূত্র বলছে, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং একাধিক মামলার মুখোমুখি হয়েছেন।


অন্যদিকে আব্দুল কাদির পলাশও স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং গত উপজেলা কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে এবং কয়েক দফায় কারাবরণ করতে হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, দলের দুর্দিনে যারা ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন, ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন—তেমন নেতাকেই পৌর প্রশাসকের দায়িত্বে দেখতে চান তাঁরা। তাঁদের মতে, গ্রহণযোগ্য ও সেবামুখী নেতৃত্বই পৌরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবে।


আনোয়ারুল ইসলাম বলেন, “আমি দলের পরীক্ষিত কর্মী। সব পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।”


আব্দুল কাদির পলাশ বলেন, “নেতাকর্মীরা আমাকে এই দায়িত্বে দেখতে চান। আমি শাসক নয়, সেবক হিসেবে পৌরবাসীর পাশে থাকতে চাই।”


স্থানীয় সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত দল কাকে এই দায়িত্ব দেয়—সেদিকেই এখন নজর বড়লেখাবাসীর।

হিফজুর রহমান

মন্তব্য করুন: