‘খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন তিন গুণ বৃদ্ধি করা সম্ভব’

মৌলভীবাজারে প্রবাসীকল্যাণমন্ত্রী

‘খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন তিন গুণ বৃদ্ধি করা সম্ভব’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৭/০৩/২০২৬ ১৫:৩৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং কৃষিতে ফসল উৎপাদন দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আনিকেলি বড় এলাকায় 'কাটাগাং খাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচির সুফল একসময় দেশের প্রতিটি মানুষ পেয়েছিল এবং আমরা চাল রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম; সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে।

তিনি আরও জানান, সরকারের তিনটি বিভাগ মিলে আগামী ৫ বছরের মধ্যে ৫৪টি জেলায় মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করবে।

স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী আশ্বস্ত করেন যে, মনু নদী থেকে খালে পানি এনে সেচ সুবিধা নিশ্চিত করতে বিএডিসি ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছে এবং দ্রুতই এর কাজ শুরু হবে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমানসহ বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ রহমান

মন্তব্য করুন: