সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসন: ধীরগতিতে কাজ, মেয়াদ বেড়ে ২০২৭

সিলেট-ছাতক রেলপথ পুনর্বাসন: ধীরগতিতে কাজ, মেয়াদ বেড়ে ২০২৭

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/১০/২০২৬ ১৫:১৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ছাতক বাজার মিটারগেজ রেলপথ পুনর্বাসন প্রকল্পের ধীরগতির কারণে প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চলতি বছরের সেপ্টেম্বর মাসের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটির সার্বিক বাস্তব অগ্রগতি হয়েছে মাত্র ২৩ শতাংশ।

২৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ের এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে ১৮৪ কোটি ৮৩ লাখ ১৬ হাজার টাকা এবং সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে ৫৬ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা। ২০২৩ সালের ১ এপ্রিল শুরু হওয়া এ প্রকল্পের প্রাথমিক মেয়াদের নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৬–২৭ অর্থবছরে ৫০ শতাংশ অগ্রগতির লক্ষ্যমাত্রা থাকলেও সেপ্টেম্বর পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৩ শতাংশ। শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৪ কোটি ১৮ লাখ ৮০ টাকা ব্যয় হয়েছে, যা মোট অনুমোদিত বাজেটের ১৮.২৯ শতাংশ।

উল্লেখ্য, করোনা মহামারির সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। পরবর্তীতে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ৩৪ কিলোমিটার দীর্ঘ রেলপথটির বিশেষ করে ছাতক অংশের প্রায় ১৩ কিলোমিটার অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রবল স্রোতে বাঁধ, স্লিপার ও লাইন ভেসে যাওয়ায় সিলেটের সঙ্গে ছাতকের সরাসরি ট্রেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বিভিন্ন স্থানে স্লিপার ও লোহার পাত চুরির ঘটনাও ঘটে। ১৯৫৪ সালে নির্মিত ঐতিহ্যবাহী এ রেলপথটি দিয়ে পাথর ও পণ্য পরিবহনের পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াত ছিল অত্যন্ত নির্ভরযোগ্য।

প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার, মাটি ভরাট, সেতু-কালভার্ট মেরামত এবং নতুন ট্র্যাক স্থাপনের কাজ চলছে। ৯৬টি পাইলিং পয়েন্টের মধ্যে ৮৫টির কাজ শেষ এবং পুরোনো লাইন অপসারণ করা হলেও মূল ট্র্যাক স্থাপনের কাজ এখনো বাকি।

কাজের ধীরগতি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন প্রথম সিলেটকে জানান, পরপর দুটি বর্ষা মৌসুম, মাটির কাজের জটিলতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে মালামাল আমদানিতে বিলম্ব হওয়ায় কাজের গতি কিছুটা কম ছিল। তবে পর্যাপ্ত বরাদ্দ পাওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে।  

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad