বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে ড. ইউনূসের নাম বাদ!
ইউরোপভিত্তিক পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার ও রাজনৈতিক পর্যবেক্ষণ সংগঠনের স্মারকলিপি এবং পিটিশনের প্রেক্ষাপটে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’–এর মূল পর্বের নির্ধারিত বক্তার তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ হেলথটেক লিমিটেড’ সংক্রান্ত একটি সেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে আয়োজকদের পক্ষ থেকে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে তালিকাভুক্ত বিশেষ বক্তাদের মধ্যে তাঁর নাম আর দেখা যায়নি।
ইউরোপের পাঁচটি প্রভাবশালী সংগঠন— সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স— গত তিন সপ্তাহ আগে আয়োজক কর্তৃপক্ষের কাছে একটি যৌথ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বাংলাদেশে সাম্প্রতিক সময়ের টিকাদান কর্মসূচির বিপর্যয়, হামের মারাত্মক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্য খাতের প্রশাসনিক অবহেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠনগুলোর অভিযোগে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালে টিকা ব্যবস্থাপনা বিঘ্নিত হওয়ায় দেশে তীব্র সংকট সৃষ্টি হয় এবং সহস্রাধিক শিশুর প্রাণহানি ঘটে। এ কারণে আন্তর্জাতিক ওই স্বাস্থ্য সম্মেলনে তাঁর অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।
যদিও সামিট কর্তৃপক্ষের কমিউনিকেশন ম্যানেজারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ড. ইউনূস ‘স্বাস্থ্যগত কারণে’ তাঁর কর্মসূচি বাতিল করেছেন, তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সংগঠনগুলোর সুসংগঠিত পিটিশন ও প্রবাসীদের আন্দোলনের মুখেই মূলত সেশনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে আয়োজকরা। ড. ইউনূসের নাম বাতিলের বিষয়ে ইউনূস সেন্টারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে, সম্মেলনের চূড়ান্ত সূচি অনুযায়ী এই বৈশ্বিক সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পেশাগত অভিজ্ঞতা ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রসারে তাঁর ভূমিকার বিষয়টি উল্লেখ করে আয়োজক সূত্র নিশ্চিত করেছে যে তিনি ১১ ও ১২ অক্টোবরের বিশেষ সেশনগুলোতে অংশ নিচ্ছেন। ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’ শীর্ষক এই শীর্ষ সম্মেলনটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বার্লিনে অব্যাহত থাকবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: