পরকীয়া ও প্রলোভনের অভিযোগ
মৌলভীবাজারে দুই সন্তান নিয়ে গৃহবধূ নিখোঁজ
মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় দুই সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মনি আক্তার (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। স্বজনদের অভিযোগ, জাহিদ মিয়া (২২) নামের এক যুবকের প্রলোভনে পরকীয়া সম্পর্কের জেরে তিনি চলে গেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী ইমরান মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকার ইমরান মিয়ার সঙ্গে একই এলাকার মনি আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। জীবিকার প্রয়োজনে ইমরান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থাকতেন। বাড়িতে তাঁর মা ও স্ত্রী সন্তানসহ বসবাস করতেন।
অভিযোগে বলা হয়, স্বামীর অনুপস্থিতির সুযোগে স্থানীয় সুয়েব মিয়া (২৮) ও খাতুন বেগমের (৫৫) সহযোগিতায় জাহিদ মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মনি আক্তার। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা এতে বাধা দেন। পরে গত ৬ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ তোলেন ওই গৃহবধূ।
এরপর ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে জাহিদ মিয়া ওই বাড়িতে আসেন। অভিযোগ অনুযায়ী, আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকা, তিন আনা স্বর্ণালংকার ও দুই সন্তানকে নিয়ে মনির সঙ্গে তিনি চলে যান। খবর পেয়ে ইমরান বাড়িতে এসে বিষয়টি সহযোগীদের জানালে তাঁকে উল্টো হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সন্তান ও স্ত্রীর সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি। ইমরান বলেন, "ছোট দুটি সন্তান নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি।"
মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ জানায়, নিখোঁজদের উদ্ধার এবং ঘটনার তদন্তে কাজ চলছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: