দ্বিজেন শর্মার নবম মৃত্যুবার্ষিকী আজ
দেশের বিশিষ্ট প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী, শিক্ষক, বিজ্ঞান লেখক ও অনুবাদক দ্বিজেন শর্মার নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রকৃতি ও গাছপালার প্রতি গভীর ভালোবাসা এবং প্রকৃতিবিষয়ক লেখালেখির জন্য তিনি ‘নিসর্গসখা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
দ্বিজেন শর্মার লেখায় প্রকৃতি কখনো নিছক সৌন্দর্যের বিষয় হয়ে ওঠেনি, বরং মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতার কথাও উঠে এসেছে। ঢাকাকে সবুজ ও প্রকৃতিবান্ধব নগর হিসেবে গড়ে তোলার স্বপ্নও তিনি বিভিন্ন সময় তুলে ধরেছেন।
দ্বিজেন শর্মার জন্ম ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে।
কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি ১৯৭৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত মস্কোর প্রগতি প্রকাশনে অনুবাদক হিসেবে কাজ করেন।
তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘শ্যামলী নিসর্গ’, ‘বাংলার বৃক্ষ’, ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘ডারউইন ও প্রজাতির উৎপত্তি’ ও ‘গহন কোন বনের ধারে’ ইত্যাদি। প্রকৃতি ও বিজ্ঞানবিষয়ক লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।
তাঁর প্রয়াণের পর প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লব তাঁর স্মরণে ‘দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’ প্রবর্তন করে।
রত্না বাউরী
মন্তব্য করুন: