শ্রীমঙ্গলে র্যাব-ভোক্তার অভিযান ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
মূল্য তালিকা না টাঙানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল পণ্য রাখার দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল।
র্যাব-৯ সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য সংরক্ষণ ও বিক্রয়সহ ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভা বাজারে অভিযান চালানো হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে আশা ঔষধালয়ের মালিক অনিক পালকে ২ হাজার টাকা, সারদা ভেরাইটিজ স্টোরের মালিক অভিন্দ পালকে ২ হাজার টাকা, হাশেম জোহা কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক হাছান হোসেনকে ৩ হাজার টাকা, বাপ্পি কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক অমিত লাল দাস হিরুকে ৪ হাজার টাকা, গ্রান্ড তাজ রেস্টুরেন্টের মালিক ইজ্জাজকে ৫ হাজার টাকা এবং বাপ্পী এন্টারপ্রাইজের মালিক বাপ্পী দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
শাহিন আহমদ / রত্না বাউরী
মন্তব্য করুন: