জামালগঞ্জে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মদকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের বিরুদ্ধে দুর্নীতি এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ ফটকের সামনে ফ্যাসিবাদ বিরোধী সচেতন নাগরিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ তোলা হয়। এতে বক্তারা এক সপ্তাহের মধ্যে ইউএনওকে অপসারণের দাবি জানান।
মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাজাহান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজী রশীদ আহমদ, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, বিএনপি নেতা জুলফিকার চৌধুরী রানা এবং যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতরা।
বক্তারা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সারাদেশে ফ্যাসিবাদী শক্তির প্রভাব কমলেও জামালগঞ্জে ইউএনওর কারণে তা এখনও বহাল রয়েছে। তারা বলেন, ইউএনও মুশফিকীন নূর কোনো ধরনের টেন্ডার ছাড়াই সরকারি প্রকল্পের কাজ তার পছন্দের লোকদের মাঝে বিলি করছেন।
আগামী এক সপ্তাহের মধ্যে ইউএনওকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেয় বক্তারা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: