হবিগঞ্জে খোয়াইসহ ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ঝুঁকিতে নিম্নাঞ্চল

হবিগঞ্জে খোয়াইসহ ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ঝুঁকিতে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/০৭/২০২৬ ১৩:০০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলাজুড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পানি সমতলের দুপুর ১২টার তথ্য অনুযায়ী, চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১২৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বাল্লা পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও বাকি দুটি পয়েন্টে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার এবং সুতাং নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর শেরপুর ও মার্কুলি পয়েন্ট এবং মাধবপুরের সোনাই নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও সেখানে বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষিজমি, বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে। স্থানীয়দের অপ্রয়োজনে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, “উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে বিশেষ নজর রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad