জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

প্রথম ডেস্ক

৩০/০৬/২০২৬ ২৩:০৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন অর্থবছরের এই বাজেট চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বড়, যা সরকারের ব্যয় ও উন্নয়ন পরিকল্পনার বিস্তৃত পরিধির ইঙ্গিত দিচ্ছে।


মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটটি পাসের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদন পায়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


বাজেট অনুমোদনের আগে সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয়সংক্রান্ত ৫৯টি দাবির ওপর আলোচনা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তী আলোচনার শেষে কণ্ঠভোটে সব ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তি করা হয়।


এদিন বাজেট পাসের আগে করমুক্ত ব্যক্তিগত আয়সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করে অর্থবিলও সংসদে পাস হয়।


উল্লেখ্য, গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। এরপর সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে বাজেটটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। নতুন অর্থবছরের এই বাজেট আগামী **১ জুলাই** থেকে কার্যকর হবে।

তাহির আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: