জমি সংক্রান্ত বিরোধে জের: হবিগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নিহত

জমি সংক্রান্ত বিরোধে জের: হবিগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৬/২০২৬ ১৭:৪৩:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলম চান আবু (প্রায় ৬৫) নামে এক সাবেক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


শনিবার (২৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।


নিহত কলম চান আবু ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন।


নিহতের ছেলে বাবুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে একই এলাকার ফারুক মিয়া ও তার লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ফারুক মিয়া ও তার সহযোগীরা তার মায়ের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার (২৮ জুন) শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম সিলেটকে বলেন, নিহত নারীর বোনের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। তবে মৃত্যুর পর তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।


পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: