এমপিপুত্রকে হেফাজতের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিপুত্রকে হেফাজতের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ডেস্ক

২৩/০৬/২০২৬ ১৪:৩০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় এমপি আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় সৃষ্ট আলোচনা-সমালোচনার মধ্যে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তথ্য-উপাত্ত যাচাই এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান।” তিনি আরও জানান, অভিযোগগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তার কাছ থেকে মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, দেশে পরিস্থিতির অবনতি হয়নি বরং সরকার সর্বদা তৎপর রয়েছে। তার দাবি, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো অবস্থায় রয়েছে।


তিনি আরও বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, যা গণতন্ত্রকে আরও বিকশিত করছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের অপতৎপরতা রোধে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

সজল আহমেদ

মন্তব্য করুন: