মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে নতুন উদ্যোগ

প্রথম ডেস্ক

২২/০৬/২০২৬ ০৪:৪১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের মুক্তি, শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া শ্রমিকদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।


রোববার (২১ জুন) মালয়েশিয়ায় প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সফরে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।


প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা আরও বাড়ানো হবে। এ লক্ষ্যে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক ভোকেশনাল শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। দেশের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগীভাবে আধুনিকায়নের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, আগামী দশকে কোন কোন দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে, তা বিবেচনায় রেখে আগাম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে।


মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর দেশটিতে এসে তিনি পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করেছেন, যেখানে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—বিদেশে দায়িত্বশীল আচরণ করা সম্ভব হলে, দেশের ভেতরেও একই ধরনের সচেতনতা কেন গড়ে তোলা যাবে না।


বর্তমানে মালয়েশিয়ায় দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন উল্লেখ করে তিনি জানান, তাদের মুক্তির সম্ভাবনা ও করণীয় নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে।


এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।


এর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, সফরকালে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে টার্মস অব রেফারেন্স (টিওআর) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা জোরদারেও পৃথক চুক্তি হতে পারে।


তিনি আরও জানান, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা, কৃষি, জ্বালানি, হালাল শিল্প ও সেমিকন্ডাক্টর খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সমর্থন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: