মালয়েশিয়া সফরে তারেক রহমানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফরে গেছেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর হিসেবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তাৎপর্য বহন করছে।
রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের দালিয়ান প্রদেশ সফর করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি সরকারি সফরসূচি অনুযায়ী দেশ ছাড়েন।
এই প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন মোট ২৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরসঙ্গীদের মধ্যে আছেন তার স্ত্রী জুবাইদা রহমান।
সরকারি প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গণি এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২১–২২ জুন মালয়েশিয়া এবং ২৩–২৬ জুন চীন সফর করবেন।
মালয়েশিয়া সফরের সময় ২২ জুন তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সজল আহমেদ
মন্তব্য করুন: