শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৯/০৬/২০২৬ ১৭:৪৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সের ভেতর থেকে একটি বিপন্ন ও অত্যন্ত বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


আজ শুক্রবার (১৯ জুন) কমপ্লেক্সের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ সাপটি দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।


পরবর্তীতে কর্মরত শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে জানালে, তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সাপটি দেখে ‘শঙ্খিনী’ বা শাঁখামুটে প্রজাতির অত্যন্ত বিষধর সাপ হিসেবে শনাক্ত করেন।


এদিকে ইউনিয়ন কমপ্লেক্সে সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও উৎসুক এলাকাবাসী সাপটি দেখতে ভিড় জমান। জনগণের নিরাপত্তার স্বার্থে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানান।


এরপর সাপটিকে কোনো রকম আঘাত না করে অত্যন্ত দক্ষতার সাথে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটি পরবর্তী আইনি প্রক্রিয়া ও বনে অবমুক্তকরণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।


পরিবেশকর্মীরা জানান, শঙ্খিনী সাপ সাধারণত শান্ত প্রকৃতির হলেও এটি অত্যন্ত বিষধর। প্রাকৃতিকভাবে এদের সংখ্যা দিন দিন কমে আসছে। বন্যপ্রাণী দেখলেই তা না মেরে বন্যপ্রাণী বিভাগ বা উদ্ধারকারী সংস্থাকে জানানোর জন্য তাঁরা স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: