রাজনগরে চোর সন্দেহে যুবক আটক: ‘টাকার ভাগ’ না পাওয়ার আক্ষেপ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কানাইকুন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইকুন এলাকায় রাতে পাহারায় থাকা একদল যুবক ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এলাকায় গরু, মুঠোফোন ও পানির পাম্প চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনি তালেব ও খালেদ নামের তাঁর আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন।
জিজ্ঞাসাবাদে আটক যুবক আক্ষেপ প্রকাশ করে উপস্থিত স্থানীয়দের জানান, চুরির অভিযানে তাঁকে সঙ্গে নেওয়া হলেও চুরির মালামাল বিক্রির টাকার কোনো ভাগ তাঁকে দেওয়া হতো না। তাঁর এমন বক্তব্যে উপস্থিত উৎসুক জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। পরে একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক রসিকতা করে তাঁর হাতে একটি কোমল পানীয়ের বোতল তুলে দেন।
তবে কোমল পানীয় পানের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। উত্তেজিত স্থানীয় যুবকেরা ওই যুবককে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পিটুনি দেন। এতে ওই যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ওই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত, আটক যুবককে স্থানীয়দের হেফাজতেই রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
জুয়েল আহমেদ / ডি আর ডি
মন্তব্য করুন: