বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

প্রথম ডেস্ক

০৩/০৫/২০২৬ ১২:১৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণে প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়।

১৯৯১ সালে ইউনেস্কোর সুপারিশক্রমে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। দিবসটি উপলক্ষে আজ সকাল থেকেই দেশের সাংবাদিক সমাজ পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সভায় বক্তারা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে গণমাধ্যমের স্বাধীনতায় যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহতের অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজ মুক্ত সাংবাদিকতা এবং তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। মূলত সাংবাদিকতার স্বাধীনতা মূল্যায়ন এবং ত্যাগী গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানোই এই দিবসের অন্যতম লক্ষ্য।


এ রহমান

মন্তব্য করুন: