মন্ত্রীকে নাস্তিক আখ্যা, জামায়াতের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত থেকে এই আদেশ দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৬ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একটি বক্তব্য প্রদান করেন। ওই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে একাধিক মানহানি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের কৃতী সন্তান মন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত মানহানিকর, যা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারার পরিপন্থী।
আদালত সূত্র জানায়, গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। অন্যদিকে, একই ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরও একটি মানহানির মামলা করেছেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি ও গ্রেপ্তারি পরোয়ানার এই ঘটনায় সিরাজগঞ্জের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: