সিলেট সীমান্তে শিং মাছসহ ২৪ লক্ষ টাকার চোরাচালানি মালামাল জব্দ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে পরিচালিত পৃথক ও ধারাবাহিক আভিযানিক সফলতায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ দেশীয় শিং মাছও উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্ত চৌকি (বিওপি) বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং ডিবিরহাওরের জোয়ানরা চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত অঞ্চল থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গবাদিপশু (গরু), তাজা টমেটো, ফুচকা, প্রসাধন সাবান, তাজা ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলু জব্দ করা হয়।
এছাড়াও একই অভিযানে বাংলাদেশ অংশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ দেশীয় শিং মাছ আটক করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত সকল মালামালের আনুমানিক বাজার মূল্য বা সিজার ভ্যালু নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা।
চোরাচালান বিরোধী এ সফলতার বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, সব ধরণের চোরাচালান এবং ক্ষতিকর মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক তৎপরতা ও গোপন গোয়েন্দা নজরদারি সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মালামাল আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত পণ্যসমূহের বিষয়ে প্রচলিত প্রশাসনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: