মালোচকদের ট্রলের কড়া জবাব রাশমিকার
দক্ষিণী সিনেমা থেকে বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে বক্স অফিসে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন তিনি।তবে সাফল্যের পাশাপাশি সমালোচনাও পিছু ছাড়েনি এই অভিনেত্রীর।
কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। নেটিজেনদের একাংশের কাছে তিনি ‘জাতীয় ক্রাশ’, আবার অন্য একটি অংশ নিয়মিত তার সমালোচনা করেন। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাশমিকা।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হন রাশমিকা। সেখানে তাকে সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে নিজের ক্যারিয়ার ও কাজের ধরন সম্পর্কে কথা বলেন তিনি।
রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে।
কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি।
শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’
ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ‘পুষ্পা’ অভিনেত্রী। তার ভাষ্য, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি।
তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’
অভিনয়ের পাশাপাশি রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’-এর মতো সিনেমায় তার হিন্দি বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সমালোচকদের একাংশের মতে, তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান স্পষ্ট। তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না অভিনেত্রী।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’
এদিকে, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। এতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না সিনেমাটি।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: