সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার
ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ঘটনায় সরব হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।সৌদি আরবে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের প্রসঙ্গ টেনে ধর্মীয় উন্মাদনা ও মৌলবাদের সমালোচনা করেছেন তিনি।
অভিনেত্রীর মতে, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই, আর মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেন শ্রীলেখা। সেখানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ধর্মের নামে মানুষের ওপর নির্যাতনের বিষয়টি তুলে ধরে বর্তমান সময়ের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শ্রীলেখা লেখেন, ‘আমরা এআই ব্যবহার করছি, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা, এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!’
সৌদি আরবে একটি মসজিদে চুম্বন করার অপরাধে দুই ব্যক্তির শিরশ্ছেদের খবরকে ভয়াবহ বলে উল্লেখ করেন অভিনেত্রী। তার মতে, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। কারণ, সব ধর্মের মূল কথাই ভালোবাসা।
ধর্মের পরিচয়কে কেন্দ্র করে ভয়, ঘৃণা ও হিংসা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও নিজের অবস্থান স্পষ্ট করেন শ্রীলেখা। ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিষ্টধর্ম- যে ধর্মের নামেই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা ছড়ানো হোক না কেন, সবকিছুকেই সমানভাবে ঘৃণ্য বলে মনে করেন তিনি।
স্ট্যাটাসে মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়েও একাধিক প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। ভালোবাসার কারণে কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে পড়তে হবে, কিংবা নিজের মতপ্রকাশের জন্য কেন তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে- এমন প্রশ্নের পাশাপাশি প্রতিবাদের ধরন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
শ্রীলেখার ভাষায়, ‘আজও কেন ভালোবাসার জন্য দু’টি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? কেন নিজের মতপ্রকাশের জন্য তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে?
সৌদি আরব, ইরান কিংবা পৃথিবীর অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে আমাদের প্রতিবাদ কি শুধু সোশ্যাল মিডিয়ার কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে? আমি জানি না।
এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না। হয়তো আমি একজন old soul। আর পুরোনো আত্মাদের পৃথিবীর এই নিষ্ঠুরতা একটু বেশিই যন্ত্রণা দেয়।’
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শ্রীলেখা বলেন, পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া এমন ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে।
অন্য অনেকের মতো সহজে সেসব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন না তিনি। পৃথিবীর নিষ্ঠুরতা তাকে যেভাবে কষ্ট দেয়, সেই অনুভূতির কথাও তুলে ধরেছেন স্ট্যাটাসে।
সবশেষে মানুষের জীবন ও ভালোবাসার গুরুত্বের বিষয়টিই সামনে এনেছেন শ্রীলেখা। তার বক্তব্য, ধর্মের পরিচয় যা-ই হোক না কেন, মানুষের জীবন ও ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: