হবিগঞ্জে তেলবাহী লরি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক (সিলেট-ঢ-৪১-০০৭৪) ও সিলেটগামী তেলবাহী একটি লরি (ময়মনসিংহ-চ-১১-০৮০০) বেজুড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশাচালক পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে সংঘর্ষের ধাক্কায় বালুবাহী ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ট্রাকের চালকের সহযোগী ও উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭)। পরে তিনিও মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মন্তোষ মল্লিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফয়সল চৌধুরী
মন্তব্য করুন: