মণিপুরী ললিতকলা অ্যাকাডেমি
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও কমলগঞ্জে বহাল তবিয়তে প্রভাস সিংহ
মণিপুরী ললিতকলা অ্যাকাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলেও নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেওয়ার চার মাস পার হলেও রহস্যজনকভাবে নীরব রয়েছে অ্যাকাডেমির নির্বাহী পরিষদ।
তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলা নববর্ষ ও শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত যাতায়াত ভাড়া ও শিল্পীদের সম্মানীর বিপুল পরিমাণ টাকা তিনি আত্মসাৎ করেন। ভুক্তভোগী শিল্পীদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে ২০২৬ সালের মার্চে সংস্কৃতি মন্ত্রণালয় প্রভাস চন্দ্রের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দেয়।
তবে মন্ত্রণালয়ের নির্দেশ তোয়াক্কা না করে অভিযুক্ত কর্মকর্তা বহাল তবিয়তে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা জানান, এতে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে।
অভিযোগের বিষয়ে প্রভাস চন্দ্র সিংহ কোনো মন্তব্য করতে চাননি। তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাডেমির পরিচালক মো. আসাদুজ্জামান জানান, নির্বাহী পরিষদের আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: