নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্থায়ী বাজার

সড়কে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্থায়ী বাজার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৭/২০২৬ ১৩:২৮:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে দীর্ঘদিন ধরে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসা পরিচালনার ফলে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের জন্য পৃথক ক্ষুদ্র সবজি বাজারের ব্যবস্থা করেছে। এর ফলে শহরের প্রধান সড়কে যান চলাচল ও পথচারীদের চলাফেরায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর রোডে করিম রেস্ট হাউসের সামনে লাইটেস স্ট্যান্ড-সংলগ্ন স্থানে নতুন বাজার স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিনের উদ্যোগে ব্যবসায়ীদের সেখানে স্থানান্তর করা হয়। গত ২৬ জুলাই বাজারটির উদ্বোধন করা হয়।

সোমবার সন্ধ্যায় নতুন বাজার পরিদর্শন করে ইউএনও মো. রুহুল আমিন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাজারের পরিসর বৃদ্ধি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় পজিব কর্মকর্তা মো. সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সড়ক ও ফুটপাত থেকে দোকান সরিয়ে নেওয়ায় প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শহরের পরিবেশও আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হয়েছে।

নতুন বাজারে ব্যবসা শুরু করা বিক্রেতারা জানান, শুরুতে ক্রেতা কিছুটা কম হলেও নির্ধারিত স্থানে বাজার গড়ে ওঠায় ভবিষ্যতে বেচাকেনা বাড়বে বলে তারা আশাবাদী। স্থায়ীভাবে ব্যবসার সুযোগ করে দেওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও মো. রুহুল আমিন বলেন, নতুন নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কিংবা মূল বাজারের ভেতরে কোনো সবজি ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না। শহরের শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে তিনি নবীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি তদারকি করেন এবং অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্বপন রবি দাশ / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad