মধ্যনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জের মধ্যনগরে পরিবেশ রক্ষা ও বজ্রপাতজনিত প্রাণহানি রোধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টায় আয়াতুল্লাহ ব্রিজ সংলগ্ন সড়ক থেকে গলইখালী পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির উদ্যোক্তা ছিলেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু। বজ্রপাত নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে তিনি নিজ উদ্যোগে ৫০০ তাল গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নান্নু মিয়া, কাম কম্পিউটারের সামছুদ্দোহা, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক এবং ছাত্রদলের সদস্য সচিব মো. মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।
উদ্যোক্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি চালানো হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: