মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে বাসের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী বাসটি আন্দিউড়া এলাকায় পৌঁছালে নির্মাণাধীন মহাসড়কের এক পাশের নরম মাটিতে একটি চাকা দেবে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত ও অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, নির্মাণাধীন সড়কের নরম অংশে চাকা দেবে যাওয়ার পরই বাসটি নিয়ন্ত্রণ হারায়। মাধবপুর থানার এসআই ফারুক মিয়া বলেন, বাসের গতি কম থাকায় প্রাণহানি ঘটেনি, তবে প্রায় ২০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার পর বিকল্প যানবাহনে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন উন্নয়নকাজ চলমান থাকায় রাস্তার পাশে বিভিন্ন স্থানে নরম মাটি ও কাদা জমে আছে, যা কয়েক দিনের বৃষ্টিতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী নির্মাণকাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড, আলোকসজ্জা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, প্রয়োজনীয় সতর্কতা না থাকলে বর্ষায় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
রাজীব দেব রায় রাজু /ডিডি
মন্তব্য করুন: