সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে রেহাই নেই: তথ্যমন্ত্রী

সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে রেহাই নেই: তথ্যমন্ত্রী

প্রথম ডেস্ক

০৪/০৫/২০২৬ ২১:৩১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার আড়ালে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে প্রচলিত আইনে তার বিচার হবে এবং এ থেকে মুক্তির কোনো উপায় নেই। সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের সময় কিছু সাংবাদিক গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার ও নির্যাতনে সরাসরি সহযোগিতার ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে সাংবাদিকতাকে যেভাবে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। তবে যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন, তাদের সুরক্ষার বিষয়েও সরকার সচেতন।

জহির উদ্দিন স্বপন আশ্বাস দিয়ে বলেন, "আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের জন্য যা ন্যায্য, আমরা সেই পদক্ষেপই গ্রহণ করব। আইনের বাইরে গিয়ে কারও কোনো ক্ষতি হতে দেওয়া হবে না।" চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তিনি নবনির্বাচিত কমিটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন: