‘সংসদ যেন চরিত্র হননের কেন্দ্রেবিন্দুতে পরিণত না হয়’

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

‘সংসদ যেন চরিত্র হননের কেন্দ্রেবিন্দুতে পরিণত না হয়’

প্রথম ডেস্ক

১২/০৩/২০২৬ ১৫:০৫:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, বরং এটি যেন জনকল্যাণ ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনার প্রাণকেন্দ্রে পরিণত হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এই সংসদ গঠিত হয়েছে। তাই সরকার ও বিরোধী দল হিসেবে ভেদাভেদ না করে স্পিকারের কাছে সবার জন্য সমান সুবিচার প্রত্যাশা করেন তিনি। ১৯৫২, ১৯৭১, ৯০-এর গণ-আন্দোলন ও জুলাই বিপ্লবের সকল শহীদ এবং ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে।

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, স্পিকার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের কবলে পড়ে সংসদ তার কার্যকর ভূমিকা রাখতে পারেনি, তবে বর্তমান সংসদকে তিনি গতানুগতিক ধারার বাইরে একটি গতিশীল ও অর্থবহ সংসদ হিসেবে দেখতে চান।

সংসদে তরুণ সদস্যদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছ থেকে গঠনমূলক রাজনীতি আশা করা যায়।

সবশেষে জুলাই আন্দোলনের স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সংসদের মাধ্যমেই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব ধরনের অন্যায় ও অসংগতির অবসান ঘটবে এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।


এ রহমান

মন্তব্য করুন: