বড়লেখায় জরাজীর্ণ কক্ষে চলছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ

বাড়ছে ক্ষোভ ও ভোগান্তি

বড়লেখায় জরাজীর্ণ কক্ষে চলছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৯/০৬/২০২৫ ১৪:২৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জটিলতায় আটকে আছে নতুন ভবন নির্মান। ফলে অস্থায়ী একপি জরাজীর্ণ কক্ষে চলছে বড়লেখার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের কার্যক্রম। স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা বলছেন, এই অব্যবস্থাপনায় পরিষদের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ জনগণ,বিশেষ করে নারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।


জানা গেছে, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। তবে জায়গা সংক্রান্ত বিরোধের কারণে নির্মাণকাজ শুরু থেকেই ধীরগতিতে চলে। নিরাপত্তা ট্যাংক (সেফটিট্যাংক) নির্মাণ নিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সময়ক্ষেপণ করা হয়।


এদিকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি সদস্যরা অস্বাস্থ্যকর ও সংকুচিত এক কক্ষে গাদাগাদি করে কাজ চালিয়ে যাচ্ছেন। সচিব, চেয়ারম্যানসহ সবাইকে অস্থায়ী অফিসে নানা কষ্টে দিন কাটাতে হচ্ছে।


সেবা নিতে আসা সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষার সময় ছাউনি চুইয়ে পড়ে পানি নষ্ট হচ্ছে দরকারি নথিপত্র, এমনকি ল্যাপটপও।


দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল আহমদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলীন উদ্দিনসহ অনেকে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণকাজ সম্পন্ন করে পরিষদের স্থায়ী কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।


স্থানীয় সচেতন মহল বলছে, পুরো উপজেলার অন্য ইউনিয়ন পরিষদের নতুন ভবন অনেক আগেই শেষ হয়েছে, শুধু দক্ষিণ ভাগ উত্তরের জনগণ এখনো বঞ্চিত। দ্রুত সমাধান জরুরি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: