পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে পুলিশ সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তর চত্বরে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহিনীর সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও কার্যালয়ের খালি এবং উপযুক্ত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ।
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ পুলিশ। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্যোগকে সফল করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: