সুনামগঞ্জে চাঁদাবাজি আদায়ের বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জে চাঁদাবাজি আদায়ের বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৪/০৯/২০২৬ ১২:১৮:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে অটো ও ইজিবাইক শ্রমিকদের কাছে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিক সমিতির নেতাকর্মী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

অন্যদিকে অভিযুক্ত নেতা দাবি করেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির একটি চক্র একত্র হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

গতকাল রোববার দুপুরে সাচনা বাজার-বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভাণ্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য দেন প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম, স্বপ্ন কুমার পালসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিবন্ধন ও অনুমোদন নিয়ে সাচনা বাজার-বেহেলী রোড ইজিবাইক সমবায় শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে। তবে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন ফারুকী ওই স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। চাঁদার টাকা না দিলে বিভিন্ন অটো ও ইজিবাইক চালক এবং ম্যানেজারকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি চাঁদা না দিলে স্ট্যান্ড থেকে গাড়ি চলাচলে বাধা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন বক্তারা। পথসভা থেকে প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকী বলেন, জামালগঞ্জে ইজিবাইক ও রিকশা থেকে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির একটি চক্র একত্র হয়ে অপপ্রচার চালাচ্ছে। তাঁকে তথ্য দেওয়ায় এক রিকশাচালককে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর দাঁত ভেঙে দেওয়া হয়। 

আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা হওয়ার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ঘটনাটির জন্য তাঁকে দায়ী করে পোস্ট দেওয়া হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

জালাল উদ্দিনের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু লোক মিলে গড়ে ওঠা একটি চক্র বিষয়টি তাঁর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি বাজারে তাঁর বিরুদ্ধে মহড়া দেওয়া হয়েছে এবং তাঁকে হুমকি দেওয়া হয়েছে। নিজের জানমালের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা জানিয়েছেন।  

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad