মন্ত্রিসভায় বড় রদবদল: ৮ প্রতিমন্ত্রী ও ২ উপদেষ্টার দফতর পুনর্বণ্টন

মন্ত্রিসভায় বড় রদবদল: ৮ প্রতিমন্ত্রী ও ২ উপদেষ্টার দফতর পুনর্বণ্টন

প্রথম ডেস্ক

০৪/০৩/২০২৬ ১৫:২২:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করার লক্ষ্যে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দফতর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক গেজেটে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী এই পরিবর্তন এনেছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শরিফুল আলমকে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জোনায়েদ আব্দুর রহিম সাকিকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক ও রেলপথের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে এখন থেকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগ এবং মো. রাজিব আহসানকে নৌপরিবহন ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং ববি হাজ্জাজকে কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আলাদা এক আদেশে প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে তাঁদের বর্তমান পদের পাশাপাশি যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৭ ও ২৪ ফেব্রুয়ারির পূর্ববর্তী প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে এই পুনর্বণ্টন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ রহমান

মন্তব্য করুন: